---তরুণ বিশ্বাস,কলকাতা---
শৈব ঐতিহ্য ও ভক্তির আবহে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের সাক্ষী থাকল বারাসাত। ২৪ নভেম্বর মঙ্গলবার ২০২৬ বারাসাত পুরসভার অডিটোরিয়ামে‘দ্য আর্ট অফ লিভিং’-এর উদ্যোগে আয়োজিত হয় সোমনাথ জ্যোতির্লিঙ্গের অংশ বিশেষের দর্শন ও রুদ্রাভিষেক। স্বামী প্রবুদ্ধানন্দজী মহারাজের পৌরোহিত্যে সম্পন্ন হয় এই বিশেষ ধর্মীয় আচার। ভক্তিমূলক সংগীত, মন্ত্রোচ্চারণ ও শিব আরাধনায় অনুষ্ঠানস্থল জুড়ে তৈরি হয় এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ।
অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে আয়োজক সংস্থার প্রতিনিধি অমিতবরণ মহাপাত্র জানান,ইতিহাসের নানা পর্যায়ে সোমনাথ মন্দির বারবার আক্রান্ত হয়েছে। সেই সময় জ্যোতির্লিঙ্গের অংশবিশেষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তাঁর বক্তব্য অনুযায়ী,২০২৪ সালে সেই পবিত্র অংশবিশেষ শ্রীশ্রী রবিশঙ্করজির হাতে তুলে দেওয়া হয়। সেই ঐতিহাসিক স্মৃতিবিজড়িত অংশেরই রুদ্রাভিষেকের আয়োজন করা হয়েছে বারাসাতে।"তাঁর মতে,এই পবিত্র নিদর্শনের দর্শন ও আরাধনা ভক্তদের কাছে এক বিশেষ আধ্যাত্মিক অভিজ্ঞতা।
শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়,এই আয়োজনের মধ্য দিয়ে সোমনাথের ইতিহাস, ঐতিহ্য ও ভারতীয় আধ্যাত্মিক চেতনাকে মানুষের সামনে তুলে ধরারও প্রয়াস দেখা যায়। ভক্তি ও সংগীতের মেলবন্ধনে অনুষ্ঠানটি উপস্থিত দর্শনার্থীদের কাছে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।