আব্দুস সালাম (জয়) ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলার গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোঃ রাশেদ খাঁনের চাহিদাপত্র বা ডিও (D.O.) লেটারের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, নির্দেশনায় ‘পরিবেশবান্ধব গ্রামীণ রাস্তা নির্মাণ (EFRDP)’ শীর্ষক প্রকল্পের আওতায় ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলায় ইউনিব্লকের (Uniblock) মাধ্যমে একটি করে নতুন সড়ক নির্মাণ প্রকল্প গ্রহণের কথা বলা হয়েছে।
এছাড়া, শুধু ঝিনাইদহ নয়—দেশব্যাপী সকল উপজেলার আইডি নম্বরবিহীন (Non-ID) সড়কগুলোতে ইউনিব্লক অথবা সিসি ব্লক দিয়ে রাস্তা নির্মাণের জন্য নতুন প্রকল্প প্রণয়নেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে গ্রামীণ অনেক কাঁচা ও ভাঙাচোরা রাস্তার কারণে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছিল। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলার গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।