
- আনোয়ারা, চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারায় পৃথক তিনটি স্থানে হামলা, ভাঙচুর ও নাশকতার চেষ্টার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ নভেম্বর) আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তৈলারদ্বীপ এলাকায় পৃথক তিনটি ঘটনা ঘটে। এর মধ্যে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের গ্রামের বাড়িতে হামলার চেষ্টা, চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা ও ভাঙচুর এবং আনোয়ারা-বাঁশখালী সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়।
এসব ঘটনার পর আনোয়ারা থানা-পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে আটক ব্যক্তির সংখ্যা দাঁড়ায় সাতজনে।
গ্রেপ্তাররা হলেন— ফারহান মাহমুদ, মো. তারেক, আবদুল মাহিদ, শাখাওয়াত হোসেন হামিম, সাইদুল ইসলাম সাইমন, মো. আবু তৈয়ব ও মো. হাবিবুর রহমান। তাদের মধ্যে কয়েকজন আনোয়ারা, কর্ণফুলী ও বাঁশখালী উপজেলার বাসিন্দা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।’