
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বক্সের ভেতরে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্রও। এ ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক পুলিশের এক সদস্য জানান, রাতে দায়িত্ব শেষে তারা ট্রাফিক বক্স থেকে চলে যান। ফজরের সময় এসে বক্সের ভেতরে আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। এ সময় এক পাশের কাচ ভাঙা অবস্থায় পড়ে ছিল এবং কয়েকটি চেয়ার পুড়ে যায়। ঘটনার পর থেকে তারা সেখানে বসে দায়িত্ব পালন করতে পারছেন না।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে কয়েকজনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট আটজনকে আটক করা হয়।