ঝিনাইদহ প্রতিনিধি:
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন 'গ্রিন টিভি' (Green TV)-র ঝিনাইদহে প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ। সম্প্রতি গ্রিন টিভি কর্তৃপক্ষ তাঁকে এই দায়িত্ব প্রদান করে।
দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে যুক্ত স্বপন মাহমুদ এলাকায় একজন পরিচিত ও সক্রিয় সাংবাদিক। তিনি ঝিনাইদহে সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত মানোন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
নতুন এই দায়িত্ব গ্রহণের পর স্বপন মাহমুদ জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ঝিনাইদহ জেলার সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা দেশবাসীর সামনে তুলে ধরতে তিনি অঙ্গীকারবদ্ধ।
তাঁকে গ্রিন টিভির প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করায় চ্যানেল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে ঝিনাইদহের সহকর্মী সাংবাদিক, প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
স্বপন মাহমুদ গ্রিন টিভির প্রতিনিধি মনোনীত হওয়ায় ঝিনাইদহের বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।