
আনোয়ারা ( চট্রগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে আনোয়ারা থানা-পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন যুবলীগের কর্মী মো. সাকিব (২৪), আওয়ামী লীগ নেতা জহির আহাম্মদ (৫৬) ও ছাত্রলীগের কর্মী সাইফুল করিম শাওন (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক মো. সাকিব চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকার হামিদ চৌধুরীর বাড়ির মো. আনোয়ার হোসেনের ছেলে। জহির আহাম্মদের বাড়ি আনোয়ারার বটতলী ইউনিয়নের ছিরাবটতলী এলাকায়। আর সাইফুল করিম শাওন বরুমছড়া ইউনিয়নের কালাগাজী তালুকদার বাড়ির মো. ওমর ফারুকের ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘মধ্যরাতে বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কেউ যদি আনোয়ারার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করে, কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ ২৪ ঘণ্টা মাঠে রয়েছে।’