আনোয়ারায় পিএবি সড়কে টায়ার ও আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেশব্যাপী ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী পিএবি সড়ক এলাকায় জড়ো হন। পরে তারা সড়কে একাধিক টায়ার জ্বালিয়ে দু’পাশে যান চলাচলে বাঁধা দেন।
এ ঘটনার একটি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ১০ থেকে ১২ জন তরুণকে সড়কে আগুন জ্বালিয়ে ও ইট ফেলে অবরোধের চেষ্টা করে। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন। অংশ নেওয়া ব্যক্তিদের কারও মাথায় হেলমেট, আবার কারও মুখে মুখোশ ছিল। এ সময় সড়কের দুই পাশে কয়েকটি যানবাহন আটকে থাকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ। তবে পুলিশ পৌঁছানোর আগেই অবরোধকারীরা সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পিএবি সড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু ব্যক্তি টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পুলিশ পৌঁছানোর আগেই অবরোধকারীরা সরে যান। যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
