প্রথম ডেক্স
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুরে একটি বসতবাড়িতে দলবদ্ধ হামলা, ভাঙচুর, সিসিটিভি ক্যামেরা নিয়ে যাওয়াসহ এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করেছেন দিলুআরা বেগম (৪৩) নামে এক নারী।
এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে শাহমীরপুর ৪ নম্বর ওয়ার্ডের আহম্মদ চেয়ারম্যানের বাড়ি এলাকায় বাদীর বসতঘরের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। বাদীর দাবি, অভিযুক্তরা কিরিচ, লোহার রড, গাছের বাটাম ও লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধভাবে তাঁর বাড়িতে প্রবেশ করেন। পরে ঘরের দরজা ও আশপাশে থাকা ছয়টি সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এসব ক্যামেরার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা বসতঘরের দেয়াল, জানালা ও বৈদ্যুতিক মিটার ভাঙচুর করেন। এতে আনুমানিক এক লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।
দিলুআরা বেগমের অভিযোগ, স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলছে এবং এ নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। এ ছাড়া তাঁকে ও তাঁর দুই মেয়েকে বিভিন্ন সময় হুমকি দেওয়ার অভিযোগে নিরাপত্তার কথা চিন্তা করে তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন বলে এজাহারে উল্লেখ করেছেন।
ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা চালান বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাঁর পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও এজাহারে দাবি করেন তিনি। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা চলে যাওয়ার সময় তাঁকে ও তাঁর পরিবারকে ক্ষতির হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে বাদীর ঘরের তালা খুলে দেওয়া হয়েছে। বাদীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা নেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।