আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ কালীগঞ্জে বর্তমান সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন করে চলেছে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দীন হায়দার। ৮ই নভেম্বর রবিবার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
ডা. এস এম জিয়াউদ্দীন হায়দার বলেন, সারা দেশের স্বাস্থ্য খাতে নতুন অবকাঠামো ও ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। এর ফলে সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত হবে।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সামগ্রিক পরিবেশ নিবিড়ভাবে তদারকি করেন।
পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সেবার মান আরও একধাপ এগিয়ে নিতে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন, এবং বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, সাবেক চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, সাবেক কমিশনার আশরাফুজ্জামান রনি, যুবদলের নেতা শাহজাহান আলী খোকন বিশ্বাস, সাইফুজ্জামান স্বপন, মাহবুবার রহমান মিলন সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।