
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জ্ঞানার্জন নয়, নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ গড়ে তোলাও। এ লক্ষ্য সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় যাত্রা শুরু করতে যাচ্ছে আনোয়ারা আইডিয়াল স্কুল। শিক্ষার্থীদের নিজ এলাকায় নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে আনোয়ারা সদরস্থ আনোয়ারা সিটি সেন্টারে বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের চেয়ারম্যান ডা. মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন আনোয়ারা সমাজকল্যাণ সংস্থার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হোছাইন, ডা. জুনায়েদ চৌধুরী, সাংবাদিক এম. আনোয়ারুল হক, অধ্যাপক আব্দুল গফুর, এসএম ফাহিম উদ্দিন, কলিম উল্লাহ ও অ্যাডভোকেট মোহাম্মদ কায়সার প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য হলো জ্ঞানার্জন এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ তৈরি করা। প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে সন্তানরা যাতে নিজ এলাকাতেই নিরাপদ, আধুনিক ও মানসম্মত পরিবেশে পরবর্তী স্তরের শিক্ষা গ্রহণের সুযোগ পায়, সেই লক্ষ্যেই আনোয়ারা আইডিয়াল স্কুলের পথচলা। সঠিক জ্ঞান, নৈতিক মূল্যবোধ, শিক্ষা-সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে সমৃদ্ধ জাতি গঠনে প্রতিষ্ঠানটি এ অঞ্চলে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও নৈতিকতার বিকাশ ঘটিয়ে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টিকে গড়ে তুলতে চান তাঁরা। এ জন্য অভিভাবক, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
বিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হোছাইন বলেন, আধুনিক, নৈতিক ও যুগোপযোগী শিক্ষাদানের অঙ্গীকার নিয়ে নিম্নমাধ্যমিক বিদ্যালয়টির যাত্রা শুরু হচ্ছে। তাঁদের লক্ষ্য কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান দেওয়া নয়; বরং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দেওয়া হবে।
মতবিনিময় সভায় আনোয়ারা সিটি সেন্টারের মালিক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।