ইয়াসির আরাফাত, দিনাজপুর (হাকিমপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুরে বিজিবি -এসআরবি সহ যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ চারজনকে আটক করে হাকিমপুর থানায় সোপর্দ করেছে বলে জানিয়েছে পুলিশ। জানা যায় গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী হিলির মুহাড়াপাড়া গ্রামের মৃত রমজান আলীর পুত্র মোঃ মাহে আলম প্রধান ( ৫০) ও তার দুই ছেলে মোঃ রেজওয়ান প্রধান রিমন(২৮) এবং মোঃ শাহরিয়ার প্রধান রিফাতকে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য সহ আটক করে। এছাড়াও হিলির ধরন্দা গ্রামের মৃত রেজাউল মন্ডলের পুত্র মোঃ বেলাল হোসেন(৩০) কে ও উক্ত অভিযানে আটক করা হয়। আটককৃতদের পরবর্তীতে হাকিমপুর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়, যার নম্বর যথাক্রমে ০৯ ও ১০( তারিখ-১৮ অক্টোবর ২০২৬,রবিবার)। হাকিমপুর থানা পুলিশের অভিযানে আটক ওয়ারেন্টভুক্ত অপর দুইজন আসামি হাকিমপুর উপজেলার সাতকুড়ি গ্রামের হাবিবুর রহমানের পুত্র মোঃ মমিনুর রহমান এবং একই উপজেলার বলরামপুর গ্রামের আবদুল্লাহর পুত্র মোঃ সোহেল রানা। আটক সর্বমোট ০৬ জন আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে হাকিমপুর থানার প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।