ইয়াসির আরাফাত, দিনাজপুর (হাকিমপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে সীমান্তবর্তী এলাকায় প্রায় ৬৯ টি পূজামন্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যেকোনো অপ্রীতিকর ঘটনা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ (২০ বিজিবি) জয়পুরহাট ব্যাটেলিয়ন সদস্যরা। ১৬ অক্টোবর শুক্রবার বেলা আনুমানিক ৪টায় হাকিমপুর ডিগ্রি কলেজ সংলগ্ন হরিজন সম্প্রদায়ের পূজা মন্ডপ পরিদর্শনে এসে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এই তথ্য করেছেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল লতিফুল বারী। এসময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন এবং পূজামন্ডপের দায়িত্বশীলদের সাথে আলোচনা করেন ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ইতিমধ্যে হিলিসহ সীমান্তবর্তী পূজামন্ডপগুলোতে কয়েক প্লাটুন বিজিবি সদস্য নিরাপত্তা জোরদারে টহলরত রয়েছে বলে জানা গেছে। বিজিবি অধিনায়ক লতিফুল বারী বলেন, “শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা প্রদান করা, বিজিবির ধারাবাহিক কার্যক্রমেরই একটি অংশ, ২০ বিজিবি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে “। আরও জানা গেছে, পুলিশ, আনসার-ভিডিপি সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করে যাচ্ছে।