আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করা দুই প্রবাসী—মোহাম্মদ রাশেদ ও আবুল কালাম—দুবাইয়ে একসঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা রায়পুর ইউনিয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছেন মোহাম্মদ রাশেদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে মোহাম্মদ রাশেদ বলেন, দীর্ঘদিন পর রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী তাঁর শ্রদ্ধেয় বড় ভাই আবুল কালামের সঙ্গে দুবাইয়ে দেখা হয়েছে। সাক্ষাতে রায়পুরের বিভিন্ন বিষয় নিয়ে সামগ্রিক আলোচনা হয়েছে।
রাশেদ বলেন, ভবিষ্যতে হিংসা, বিদ্বেষ ও অহংকার পরিহার করে সবাইকে একসঙ্গে রায়পুরের উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করতে হবে। তাঁর মতে, স্থানীয় সরকার নির্বাচনে একাধিক প্রার্থী থাকা গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ এবং প্রত্যেক যোগ্য ব্যক্তি নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রাখেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, প্রার্থীদের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, আন্তরিক ও সহমর্মী থাকা প্রয়োজন। আক্রমণাত্মক বক্তব্য, হুমকি-ধমকি ও বিদ্বেষপূর্ণ আচরণ পরিহার করে সহনশীল পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।
রাশেদ আরও বলেন, রায়পুরের জনগণ তাঁদের পছন্দ ও যোগ্যতার ভিত্তিতে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। জনগণ যাঁকে নির্বাচিত করবে, তিনি তাঁকে সহযোগিতা করবেন বলেও বক্তব্যে উল্লেখ করেন। পাশাপাশি কোনো প্রার্থীর বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য না দেওয়ার কথাও জানান তিনি।
নিজের প্রবাসজীবনের প্রসঙ্গ তুলে রাশেদ বলেন, দীর্ঘদিন বিদেশে থাকলেও সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান তিনি।
নির্বাচনকে জনগণের দেওয়া একটি ‘পবিত্র আমানত’ হিসেবে উল্লেখ করে রাশেদ বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অতীতে নিজের কোনো ভুল হয়ে থাকলে রায়পুর ইউনিয়নের জনগণের কাছে ক্ষমা চান তিনি।
রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক ব্যক্তির প্রার্থিতা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা ও নির্বাচনী সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্ধারিত হবে।