মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আবারো সভাপতি হিসেবে হাফেজ আব্দুল মতিননব ও সম্পাদক মোহাম্মদ আলীকে নির্বাচিত করা হয়েছে।
রাঙ্গামাটির লংগদুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল মতিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় উক্ত সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মূল ভিত্তি হলো একটি আদর্শভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামি জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করা। মহান আল্লাহকে সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক মেনে শাসননীতি নির্ধারণের আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য ‘শুধুমাত্র একজন নেতা নয়, নীতির পরিবর্তন চাই’ এই নীতিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সম্মেলনে আলোচনা পর্ব শেষে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামীদিনের জন্য পুনরায় হাফেজ আব্দুল মতিন-কে সভাপতি এবং মোহাম্মদ আলী-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।