
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তারাই ধারাবাহিকতায় অভিযানে তিনজনকে মাদকসেবন অবস্থায় আটক করেছে এবং তাদেরকে অর্থদন্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার ( ১২ সেপ্টেম্বর ) উপজেলার বৈরাগ ও বোয়ালিয়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।
অভিযান চলাকালে লোকমান উদ্দিন (২৮), শাহাদাত হোসেন ( ৫৬) এবং কামরুল হাসান মুন্না (১৯) নামক তিন ব্যক্তিকে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্ত প্রত্যেককে একশত টাকা অর্থদন্ড এবং লোকমান উদ্দিন (২৮) কে ৩০ দিনের, শাহাদাত হোসেন ( ৫৬) কে ৩ দিনের এবং কামরুল হাসান মুন্না (১৯) কে ১৮০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
জনস্বার্থে আনোয়ারা উপজেলার মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। এসময় আনোয়ারার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জুনায়েত চৌধুরী উপস্থিত ছিলেন।