
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় ৭ হাজার ৮৪৫টি ইয়াবা বড়িসহ নূরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭। এ সময় তার কাছ থেকে একটি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আনোয়ারা সদর ইউনিয়নের সরদারপাড়া মোড় এলাকায় রানু মোটরসাইকেল ওয়ার্কশপের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নূরুল আলমকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৭ হাজার ৮৪৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
আটক নূরুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রংগীখালী এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।
এ ঘটনায় নূরুল আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(গ)/৩৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, র্যাব-৭ বুধবার সন্ধ্যায় আটক ব্যক্তিকে আনোয়ারা থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।