চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সঙ্গে চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৩টায় উপজেলার কাজেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। চন্দনাইশ উপজেলার বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, কর্মচারীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়।
সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আজিজ উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক ওয়াহিদুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মাসুম।
এছাড়া সভায় চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম, জসিম উদ্দিন, পারভীন আক্তার চম্পা, আহমেদ কবির, নুরুল আলম, কুতুব উদ্দিন ছালেহ, মো. শিহাব ও অতি দাশসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে এমপিওভুক্ত কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কর্মচারীদের বিভিন্ন ন্যায্য দাবি ও সমস্যা যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পাশাপাশি সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, চন্দনাইশ উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল কর্মচারীকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করে তাদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।