নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও আওলাদে রাসুল (সা.)-এর শুভাগমন উপলক্ষে চন্দনাইশে আয়োজিতব্য ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স-২০২৬’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কনফারেন্সের কর্মসূচি ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা। লিখিত বক্তব্য পাঠ করেন চন্দনাইশ উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি জানান, আগামী ৯ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টায় গাছবাড়িয়া সরকারি স্কুল ও কলেজ মাঠে কনফারেন্স অনুষ্ঠিত হবে। গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা, চন্দনাইশ উপজেলা ও পৌরসভা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, পবিত্র মক্কা শরীফ শাখা।
কনফারেন্সে সভাপতিত্ব করবেন আওলাদে রাসুল (সা.) রাহনুমায়ে শরীয়ত ও তরীকত পীরে বাঙ্গাল হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাদ্দাজিল্লুহুল আলী)। মেহমানে আ’লা হিসেবে উপস্থিত থাকবেন হযরতুলহাজ্ব সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ এবং মেহমানে খুসুসি হিসেবে উপস্থিত থাকবেন হযরতুলহাজ্ব সাহেবজাদা আল্লামা সৈয়্যদ আকিব আহমদ শাহ্।
আয়োজকরা জানান, পুরুষদের বায়াত ও মূল কনফারেন্স গাছবাড়িয়া সরকারি স্কুল ও কলেজ মাঠে এবং মহিলা বায়াত বাদে আছর দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। কনফারেন্সে হুজুর কেবলা মাগরিব ও এশার নামাজের ইমামতি করবেন।
কনফারেন্স সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সাংবাদিক, প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে গাউসিয়া কমিটির চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতৃবৃন্দ, কনফারেন্স প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।