বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:
রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে মৎস্য সম্পদ সংরক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই উৎপাদন বিষয়ে উদ্বুদ্ধকরণ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় বোয়ালখালী উপজেলা পরিষদের স্বাধীনতা হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুর ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য মো. শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম. কামাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোজাহিদুল ইসলাম এবং প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী।
সেমিনারে মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবহার, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ, জলাশয়ের পরিবেশ রক্ষা, অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মৎস্য সম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জেলে, মৎস্যচাষি ও সাধারণ জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বোয়ালখালী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মৎস্য সম্পদ দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্য সম্পদ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।