
আনোয়ারা প্রতিনিধি
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল' এ প্রতিপাদ্যকে সামনে রেখে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নকে সুস্থ ও মাদকমুক্ত গড়ে তোলার লক্ষ্যে ৫ নম্বর ওয়ার্ডের তরুণ ও স্কুল পড়ুয়া ছাত্রদের খেলাধুলার সুবিধার্থে বালি ভরাট করে মাঠ সংস্কার করা হয়েছে। একই সঙ্গে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করতে তাদের হাতে ফুটবলসহ ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
গতকাল বুধবার বিকালে খেলার মাঠে ব্যক্তিগত উদ্যোগে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোকেট নুরুল কবির রানা।
এ সময় তিনি বলেন, 'বিদ্যালয়ে জ্ঞান অন্বেষণের পাশাপাশি খেলাধুলায়ও মনোনিবেশ করতে হবে। তাহলে মাদক থেকে দূরে থাকা সম্ভব। খেলাধুলা ও ক্রীড়া চর্চার মাধ্যমে এলাকার তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ-সম্প্রীতি ও বন্ধুত্বের সেতুবন্ধন রচিত হয়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সামনের দিকেও প্রতিটি ওয়ার্ডে আমার এরকম কর্মসূচি অব্যাহত থাকবে। আমার লক্ষ্য একটি সুস্থ, সবল ও মাদকমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা। আসুন, সবাই মিলে আমাদের সন্তান ও তরুণদের মাদকের বিরুদ্ধে সচেতন করি এবং খেলার মাঠে ফিরিয়ে আনি।'