
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আনোয়ারা উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকা, বেড়িবাঁধ পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় মানুষের কথা শোনেন এবং তাদের দুঃখ-কষ্ট, সমস্যা ও দাবি-দাওয়া জেনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরে একই ইউনিয়নের উঠান মাঝির ঘাট,সারেঙ্গা এলাকার বিপন্ন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। সাংসদ নিজাম জনগণের পাশে থেকে তাঁদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার কথা পুনর ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিন উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) দীপক ত্রিপুরা,উপ-বিভাগীয় প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড এর উর্ধ্বতন কর্মকর্তা এবং আনোয়ারা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দরা।