মো আবদুল করিম সোহাগ -ঢাকা
বাংলাদেশের ডিজে অঙ্গনের পরিচিত মুখ Avila Islam (ডিজে আভিলা) দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় ধরে সঙ্গীত জগতে সক্রিয়। দেশসীমা ছাড়িয়ে তিনি ইতিমধ্যেই দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল ও ভারতসহ বিভিন্ন দেশে পারফর্ম করেছেন। ধারাবাহিক পরিশ্রম, অধ্যবসায় এবং সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।
পুরুষ-প্রধান এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে ডিজে আভিলা এখন অনেকের জন্য অনুপ্রেরণা। নতুন প্রজন্ম, বিশেষ করে নারী ডিজেদের জন্য তিনি হয়ে উঠেছেন এক শক্তিশালী দিকনির্দেশনা। পারফরম্যান্সের পাশাপাশি নিজের কণ্ঠ ও সৃজনশীলতায়ও তিনি নিয়মিত নতুন কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এই ধারাবাহিকতায় নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। ‘Oceans Don’t Cry’ শিরোনামের গানটি শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন আভিলা ইসলাম নিজেই। আবেগঘন কথার এই গানটির লিরিক লিখেছেন সাদিদ আদনান ওয়াহিদ। সুর করেছেন নাসিফ হোসেন নিপু এবং ডিজে আভিলা নিজে। পাশাপাশি গানটির মিক্স ও মাস্টারিংও করেছেন তিনি নিজেই, যা তার বহুমাত্রিক শিল্পীসত্তার পরিচয় বহন করে।
এছাড়াও আভিলা ইসলাম পরিবেশ দূষণ ও ইকো-ট্যুরিজম নিয়ে কাজ করে থাকেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ কমানো এবং ইকো ট্যুরিজমের প্রসার—এই তিনটি বিষয়কে সামনে রেখে তিনি কাজ করতে চান। নিজের জনপ্রিয়তা ও প্রভাবকে কাজে লাগিয়ে ‘জিরো ওয়েস্ট’ ধারণা ছড়িয়ে দেওয়ার এবং সমুদ্র রক্ষায় সচেতনতা তৈরি করার অঙ্গীকার জানিয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে পরিবেশ দূষণ এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি অর্থনীতি, জনস্বাস্থ্য এবং পর্যটন শিল্পের ওপরও সরাসরি প্রভাব ফেলছে। যদি আমরা পরিবেশ রক্ষা করি, পরিষ্কার সমুদ্র সৈকত, সবুজ পাহাড় ও স্বচ্ছ নদী পর্যটকদের আকৃষ্ট করবে। পরিচ্ছন্ন পরিবেশ আন্তর্জাতিক পর্যটকদের কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়াবে এবং স্থানীয় অর্থনীতিকেও শক্তিশালী করবে।
পরিবেশ সচেতনতার সঙ্গে গান এবং সামাজিক উদ্যোগ—দুই ক্ষেত্রেই সমানভাবে সক্রিয় ডিজে আভিলা ইসলাম ঈদে নতুন গান ‘Oceans Don’t Cry’ প্রকাশের মাধ্যমে আবারও আলোচনায় থাকবেন।