উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট
মাত্র ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় দীর্ঘ চার মাস ধরে কারাগারে থাকা চা শ্রমিক মঙ্গল দাস অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের বিশেষ মানবিক প্রচেষ্টায় বৃহস্পতিবার (১২ মার্চ) সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
মঙ্গল দাস সিলেটের এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া চা বাগান এলাকার বাসিন্দা বীরশা দাসের ছেলে। বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৪০ ধারায় মামলা হওয়ায় গত বছরের ১৮ ডিসেম্বর তাকে আটক করে কারাগারে পাঠানো হয়। চরম অর্থকষ্টে থাকা এই শ্রমিকের পক্ষে বকেয়া বিল পরিশোধ করে আইনি লড়াই চালানো সম্ভব ছিল না।
গত ২৩ ফেব্রুয়ারি জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় কারাগারে গেলে মঙ্গল দাসের অসহায়ত্বের বিষয়টি তার নজরে আসে। মঙ্গল দাস তাকে জানান যে, মাত্র ২০ হাজার টাকার বকেয়া বিলের দায়ে তিনি দীর্ঘদিন ধরে কারাবন্দি। বিষয়টি শুনে ডিসি তাকে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাস দেন এবং ব্যক্তিগতভাবে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নিশ্চয়তা প্রদান করেন।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া সেল) মো. আহিন শাকিল ভূঞা জানান, জেলা ম্যাজিস্ট্রেটের সরাসরি হস্তক্ষেপে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৃহস্পতিবার আদালত থেকে তার জামিন নিশ্চিত করা হয়। এরপরই তিনি কারাগার থেকে মুক্তি পান। জেলা প্রশাসক নিজে এই বকেয়া বিল পরিশোধের দায়িত্ব নিয়েছেন।
অসহায় এক শ্রমিকের প্রতি জেলা প্রশাসনের এই মানবিক সংবেদনশীলতা সিলেটে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।