গোবরডাঙ্গায় সাংবাদিক আক্রান্ত,মূল অভিযুক্ত দুষ্কৃতী অধরাই

প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৬

তরুণ বিশ্বাস,কলকাতা-

উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার অন্তর্গত গনদীপায়ন এলাকায় বাড়ির সামনে বসে প্রকাশ্যে মদ্যপান ওমহিলা কে কটুক্তির প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক সাংবাদিক ও তাঁর স্ত্রী। অভিযোগ দায়েরের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অধরা অভিযুক্তরা। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাটি ঘটে ৩ মার্চ মঙ্গলবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ। জানা যায়, সাংবাদিক আত্মজিৎ চক্রবর্তী ও তাঁর স্ত্রী গোবরডাঙ্গা থেকে গনদীপায়নের বাড়িতে ফিরছিলেন। সেই সময় বাড়ির পাশের রাস্তায় বসে কয়েকজন যুবক প্রকাশ্যে মদ্যপান করছিল বলে অভিযোগ। ওই সময় তারা প্রথমে সাংবাদিকের স্ত্রীকে কটুক্তি করে। পরিস্থিতি দেখে সাংবাদিক বিষয়টি ফোনে গোবরডাঙ্গা থানা-কে জানান। অভিযোগ,থানায় খবর দেওয়ার বিষয়টি টের পেয়ে যুবকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রথমে সাংবাদিকের স্ত্রীর উপর চড়াও হয়। এরপর সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়।স্থানীয় বাসিন্দারা আহত সাংবাদিককে উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে যান। পরে গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। দুষ্কৃতীদের সকলকে শনাক্ত করা না গেলেও একজনের নাম জানা গিয়েছে— তুষার বাউল,পিতা ভদ্র বাউল,বাড়ি ধর্মপুর।এলাকাবাসীর অভিযোগ, দিন দিন দুষ্কৃতীদের স্বর্গ রাজ্যে পরিণত হচ্ছে গোবর ডাঙ্গা থানা এলাকা। চুরি, ছিনতাই,মাদক ব্যবসা, অবৈধ মাটির কারবার এবং মহিলাদের উপর অত্যাচারের মতো অপরাধ বাড়লেও অধিকাংশ ক্ষেত্রেই কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত অধরাই।