তরুণ বিশ্বাস,কলকাতা-
দক্ষিণ কলকাতার সোনারপুর পঞ্চায়েত সমিতি ও সমিতির সদস্য বরুণ সরদার এর উদ্যোগে ১ নম্বর খুদিরাম পার্কে বর্ণাঢ্য বসন্ত উৎসব ২০২৬ ধুমধামের সঙ্গে উদযাপিত হলো। গ্রামের আকাশ-বাতাস ভরে উঠেছিল উৎসবের রঙে, আনন্দে আর মিলন মেলার আবহে। ভোরের আলো ফুটতেই শুরু হয় প্রভাত ফেরি। ছোট্ট ছোট্ট ছেলে- মেয়েদের হাতে তুলে দেওয়া হয় রং খেলার সামগ্রী। তাদের হাসি আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে চারদিক। সুরের মূর্ছনা আর নৃত্যের তালে তালে সমবেত ভাবে পা মিলিয়ে গ্রামবাসীরা এগিয়ে যান গ্রামের পথে—রঙিন আবিরে একে অপরকে রাঙিয়ে ভাগ করে নেন ভালোবাসা ও সম্প্রীতির বার্তা। গ্রামের দোল উৎসবকে আরও আনন্দ মুখর করে তুলতে শ্রী বরুণ সরদারের এই অভিনব উদ্যোগে সামিল হন সমগ্র তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এবং অসংখ্য গ্রামবাসী। উপস্থিত অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানিয়ে উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। সকলের জন্য জলখাবার ও মিষ্টিমুখের বিশেষ ব্যবস্থাও ছিল সুনিপুণভাবে সাজানো।
শ্রী বরুণ সরদার বরাবরই গ্রামের উন্নয়নে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা,কর্মনিষ্ঠা ও উন্নয়নের স্বপ্ন প্রতিটি উদ্যোগে প্রতিফলিত হয়। বসন্ত উৎসব ২০২৬ তারই উজ্জ্বল দৃষ্টান্ত—যেখানে উৎসব শুধু আনন্দের নয়, ছিল ঐক্য, সৌহার্দ্য ও সামাজিক বন্ধনের এক অনন্য উদযাপন।
গ্রামের মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এই জনপ্রতিনিধির হাত ধরেই আগামী দিনে আরও সুন্দর, সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ সোনারপুর গড়ে উঠবে—এই প্রত্যাশাই আজ সকলের মুখে মুখে।