
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে বারখাইন শোলকাটা এলাকার আলোচিত ডাকাত সম্রাটের বসত ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হল, ইমন (২৪), মো. রায়হান রানা (২৩), হেলাল (৩০), মো. মাসুদ (২২) ও মিনহাজ (২০)। তারা সবাই আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে ১০-১৫ জন পালিয়ে যায়।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সম্রাট নামের এক ডাকাতের বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি তলোয়ার, দুটি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পলাতক আরও ১০-১৫ জনকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তাদের আজ আদালতে পাঠানো হবে।