আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী পোস্ট অফিসের আওতাধীন পূর্ব তুলাতলী গ্রামে নিশি ডাক্তার বাড়িতে জায়গা-জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ঘরে ঢুকে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (রাত আনুমানিক ৮টা) এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রশান্ত দে জানান, বিবাদীগণ দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে অবৈধভাবে জোরপূর্বক তাদের জায়গা-জমি ভোগদখল করে আসছে। এ নিয়ে তারা আদালতে মামলা দায়ের করেছেন এবং মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। পরবর্তীতে বিষয়টি নিষ্পত্তির আশায় গ্রাম আদালতে শরণাপন্ন হন এবং নিরাপত্তার স্বার্থে আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযোগে আরও বলা হয়, শুক্রবার রাতে বিবাদীগণ তার ঘরে ঢুকে ঘরের টিন কেটে ফেলে ও ভাঙচুর চালায়। এ সময় তাকে মারধর করে জখম করা হয়। হামলার দৃশ্য মোবাইলে ধারণ করতে গেলে হামলাকারীরা তার মোবাইল ফোন আছাড় মেরে ভেঙে ফেলে। এছাড়া রাতের আঁধারে তার ক্ষেতের ফসল উপড়ে ফেলে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।