কালীগঞ্জে বস্তার মধ্যে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ কালীগঞ্জে বাবরাজার এলাকায় আজিজুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে তাবাসসুম খাতুন (৪) নামে এক শিশুর বস্তার মধ্যে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত তাবাসসুম কালীগঞ্জ বাবরাজার এলাকার বাদেডিহী গ্রামের নজরুল ইসলামের মেয়ে। ২৬ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিদ্যালয়ের পেছনে মুখ বাঁধা অবস্থায় একটি বস্তা পড়ে থাকতে দেখে খুলে শিশুটির মরদেহ শনাক্ত করে এবং পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সঙ্গে নৃশংস কোনো অপরাধ সংঘটিত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ২৫ শে ফেব্রুয়ারী, বুধবার বিকাল ৩টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় নিখোঁজ হয় তাবাসসুম। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সন্ধান চেয়ে পোস্ট করা হয়।
ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।