আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে ব্যানার টানিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বাংলাদেশ ছাত্রলীগ, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জনাব সজীব হোসেন। পোস্টে দেখা যায়, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের পরিত্যক্ত কার্যালয়ে ব্যানার টানিয়ে পতাকা উত্তোলনের ছবি ও ভিডিও ধারণ করেছে চার জন তরুণ। এসময় তারা জেলা ছাত্রলীগের সভাপতি সজীবের নেতৃত্বে আওয়ামী লীগের অফিস পুনরায় দখল নিয়েছে বলে শোনা যায়। ২৫শে ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টার দিকে সজীব হোসেন তার নিজের ফেসবুক আইডিতে ওই ভিডিও এবং ছবি পোস্ট করেন। পোস্টে দেখা যায়, পরিত্যক্ত কার্যালয়ের সামনে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে একটি ব্যানার সহ আওয়ামীলীগের দলীয় পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সজীব হোসেনের ফেসবুক পোস্টের সূত্র ধরে জানা যায়, ঘটনাটি ঘটে ২১ ফেব্রুয়ারি ভোরে। ওইদিন চারজন ছাত্রলীগ কর্মী পরিত্যক্ত কার্যালয়ে ব্যানার টাঙানোর পর দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করেন। তবে ঘটনাটি একুশে ফেব্রুয়ারির হলেও তা প্রকাশ্যে আসে ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর। এ বিষয়ে জেলা আওয়ামীলীগ বা ছাত্রলীগের কোনো নেতাকর্মীর বক্তব্য পাওয়া যায়নি।