ওয়ান বিলিয়ন রাইজিং নির্যাতনের বিরুদ্ধে কলকাতায় একসঙ্গে প্রতিবাদ সভা

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

তরুণ বিশ্বাস,কলকাতা-

২৪ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত রানু ছায়া মঞ্চে ওয়ান বিলিয়ন রাইজিং (OBR) কর্মসূচি পালিত হয়। গান, কবিতা,নাচ এবং নানা পরিবেশনার মাধ্যমে সবাই একসঙ্গে নারী নির্যাতন ও লিঙ্গভিত্তিক হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ওয়ান বিলিয়ন রাইজিং একটি আন্তর্জাতিক আন্দোলন,যা ২০১২ সালে নারীবাদী কর্মী ইভ এনসলার শুরু করেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি তিনজন নারীর মধ্যে একজন জীবনের কোনো না কোনো সময় হিংসার শিকার হন—এই বাস্তবতার প্রতিবাদ থেকেই এই আন্দোলনের সূচনা। আজও এই আন্দোলন শিল্প ও সামাজিক সংহতির মাধ্যমে মানুষকে সচেতন করছে। এ বছরের মূল বিষয়বস্তু ছিল “আমাদের শরীর, আমাদের পৃথিবী, আমাদের ভবিষ্যৎ”। এই কর্মসূচিতে দেখানো হয় যে নারী নির্যাতন শুধু ব্যক্তিগত সমস্যা নয়,বরং সমাজের বিভিন্ন বৈষম্যের সঙ্গে জড়িত। জাত,শ্রেণি, প্রতিবন্ধকতা,বসবাসের জায়গা এবং আর্থ সামাজিক অবস্থার কারণে অনেক নারী বেশি ঝুঁকির মধ্যে থাকেন। তাই একসঙ্গে লড়াই করা খুব জরুরি।
কলকাতার মোট ১৫টি সংগঠন মিলিতভাবে এই কর্মসূচির আয়োজন করে। কর্মী,ছাত্রছাত্রী, শিল্পী, বিভিন্ন সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ এতে অংশ নেন এবং নারী নির্যাতন বন্ধ করার দাবিতে একসঙ্গে কণ্ঠ তোলেন।অনুষ্ঠানে নাচ,গান,পথনাটিকা,আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে রানু ছায়া মঞ্চ এক প্রতিবাদের জায়গায় পরিণত হয়। অনুষ্ঠানের শেষে সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করেন যে নারী নির্যাতন বন্ধ করতে সচেতনতা, মানুষের অংশগ্রহণ এবং নিয়মিত কাজ চালিয়ে যেতে হবে,যাতে এমন একটি সমাজ গড়ে ওঠে যেখানে সম্মান, সমতা এবং নিরাপত্তা সবার।