ভাষা শহীদদের প্রতি দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরোর শ্রদ্ধা নিবেদন প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬ প্রথম ডেক্স একুশ বাঙালির চিরন্তন প্রেরণার উৎস। বিশ্বের ইতিহাসে বাঙালিই একমাত্র জাতি, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। একুশের চেতনা থেকেই জন্ম নিয়েছে স্বাধীনতার স্বপ্ন, ভাষা আন্দোলনের পথ বেয়ে এসেছে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ। আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- গৌরব, ত্যাগ ও আত্মমর্যাদার এক অনন্য দিন। মহান অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো।১৯৫২ সালের এই দিনে সালাম, বরকত, রফিক, জব্বার ও সফিউরসহ নাম না জানা অসংখ্য শহীদ মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠায় আত্মোৎসর্গ করেছিলেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয় প্রিয় বাংলা ভাষা। আজও কৃতজ্ঞ বাঙালি জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে সেই বীর সন্তানদের। রাত ১২টা ১ মিনিটে, অমর একুশের প্রথম প্রহরে শুরু হয় শ্রদ্ধা নিবেদন কর্মসূচি। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান সিলেট-৪ আসন থেকে নির্বাচিত সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বিএনপি জেলা ও মহানগর শাখা, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, সিলেট সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ প্রেসক্লাব সিলেট, বাংলাদেশ সম্মিলিত প্রেসক্লাব সিলেট, দৈনিক ইনফো বাংলা, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- সিলেট অঞ্চল, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে থেকেই নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। শহীদ মিনারমুখী মানুষের ঢল থাকলেও ছিল শৃঙ্খলাবদ্ধ পরিবেশ। প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে একে একে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। একুশের এই দিনে নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা তুলে ধরার আহ্বান জানানো হয়। ভাষা শহীদদের আত্মত্যাগ চিরকাল বাঙালির হৃদয়ে অম্লান থাকবে। News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: