দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদের স্ত্রীর গাড়িচালক ইলিয়াস গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদার (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামিউর রহমানের নেতৃত্বে শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ডের ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।ইলিয়াস তালুকদারের পিতা মৃত সালেহ আহমেদ এবং তিনি শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কর্ণফুলী থানার ওসি মো. শাহীনুর আলম।

‎পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ইলিয়াস দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বর্তমানে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে দুদকের অভিযানে ইলিয়াসের বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ করা হয়েছে, যা বিদেশে সম্পদ অর্জন, অর্থপাচার এবং ব্যবসা-লেনদেন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ধারণ করছে।

‎দুদক জানায়, উদ্ধারকৃত নথিগুলো বিস্তারিতভাবে যাচাই করা হবে এবং তা আইনি প্রক্রিয়ায় উপস্থাপন করা হবে।