প্রথম ডেক্স
চট্টগ্রামের বন্যাদুর্গত দক্ষিণ ভূখণ্ডের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আনোয়ারা উপজেলার বখতিয়ার পাডার মানবিক সামাজিক সংগঠন ‘শফি ফাউন্ডেশন’। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যাদুর্গত ও পানিবন্দী শত শত পরিবারের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল দিনব্যাপী শফি ফাউন্ডেশনের একদল স্বেচ্ছাসেবক টিম সাতকানিয়া ও বাঁশখালীর প্রত্যন্ত বন্যাপ্রবণ এলাকায় গিয়ে সরাসরি এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও কর্মহীন হয়ে পড়া মানুষগুলো এই খাদ্য সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
খাদ্যসামগ্রী বিতরণকালে ফাউন্ডেশনের দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, বন্যায় এই দুই উপজেলার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। মানুষের এই কঠিন সময়ে শফি ফাউন্ডেশন সবসময় পাশে থাকার চেষ্টা করছে। বন্যার পানি পুরোপুরি নেমে না যাওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এই মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।
ত্রাণ বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও শফি ফাউন্ডেশনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে কার্যক্রমটি সম্পন্ন করতে সহযোগিতা করেন। ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।