নির্বাচনে যে ১০টি দল পেল শূন্য শতাংশ ভোট

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

প্রথম ডেস্ক

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে ধানের শীষে, বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। এরপরেই দাড়িপাল্লায়, জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ, তারপর শাপলা কলিতে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩ দশমিক ০৫ শতাংশ। কিন্তু ৫০ রাজনৈতিক দলের মধ্যে ১০ টি দল শূন্য দশমিক শূন্য শতাংশ ভোটও পেয়েছে।

‎রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো ভোটের শতাংশের হিসেব থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১০টি নিবন্ধধিত রাজনৈতিক দল ভোটের শতাংশ হিসেবে শূন্য দশমিক শূন্য শতাংশ ভোট পেয়েছে।

দল গুলো হলো: বাংলাদেশ সমঅধিকার পার্টি – বিইপি, ইসলামী ঐক্য জোট, গণতন্ত্রী পার্ট, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কল্যাণ পার্টি,  বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ মুসলিম লীগ- বিএনএল। ‎

অন্যদিকে, শুন্য দশমিক ০১ শতাংশ  ভোট পাওয়া দলগুলো হলো- আমজনতার দল, গণফোরাম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি- বিএমজেপি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। আর স্বতন্ত্র হিসেবে ২৭৪ প্রার্থী অংশ নিয়েছিল।