‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ মো আবদুল করিম সোহাগ -ঢাকা বাংলাদেশের চলচ্চিত্র প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে নির্মিত ‘মাটির পোস্টার’ এখন সংরক্ষিত রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র আর্কাইভে। সম্পূর্ণ মাটি বা টেরাকোটা দিয়ে তৈরি এই ভাস্কর্যধর্মী পোস্টারটি নির্মিত হয় চলচ্চিত্র কাগজ (The Paper)-এর প্রচারণার উদ্দেশ্যে, তবে পরবর্তীতে এর শিল্পমানের কারণে এটি স্বতন্ত্র শিল্পকর্ম হিসেবেও মূল্যায়িত হয়েছে। জানা যায়, দেশের প্রচলিত চলচ্চিত্র পোস্টার সাধারণত প্রিন্ট, ডিজিটাল আর্টওয়ার্ক বা ফটোগ্রাফির মাধ্যমে তৈরি হলেও মাটি দিয়ে হাতে গড়া পোস্টার নির্মাণ পদ্ধতি তুলনামূলকভাবে অপ্রচলিত। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল চলচ্চিত্র প্রচারণা এবং লোকজ মাটির শিল্পকে একসঙ্গে উপস্থাপন করা। পোস্টারটি নির্মাণ করেন চিত্রশিল্পী রিংকু। তিনি দুই সহকারীকে নিয়ে প্রায় এক মাস সময় ধরে কাজটি পরিচালক আলী জুলফিকার জাহেদীর তত্ত্বাবধানে সম্পন্ন করেন। প্রায় ছয় ফুট উচ্চতার এই রিলিফ ভাস্কর্য পোস্টারটি সম্পূর্ণ হাতে তৈরি এবং এতে বহু ধাপে শুকানোর প্রক্রিয়া, রঙ ও ব্রাশের সূক্ষ্ম কাজে ত্রিমাত্রিক প্রভাব তৈরি করা হয়েছে। নির্মাণ ব্যয় ছিল আনুমানিক দুই লাখ টাকা। নির্মাণের পর পোস্টারটির দুটি কপি তৈরি করা হয়। এর একটি প্রদর্শিত হয় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার করিডরে এবং অন্যটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) চত্বরে স্থাপন করা হয়। প্রদর্শনের সময় পোস্টারটি দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে এবং সামাজিক মাধ্যমেও আলোচনায় আসে। ২০২৩ সালের এপ্রিল মাসে চলচ্চিত্রটির পরিচালক আলী জুলফিকার জাহেদী পোস্টারটি এবং চলচ্চিত্রের ডিজিটাল কপি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হস্তান্তর করেন। আর্কাইভ কর্তৃপক্ষ একে চলচ্চিত্র সংস্কৃতির গঠনপ্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে মূল্যায়ন করে সংরক্ষণে নেয়। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মোঃ মোফাকখারুল ইকবাল, পরিচালক ফারহানা রহমান, চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুবসহ আরো অনেকে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, মাটির তৈরি এই পোস্টারটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে বিরল উদ্যোগগুলোর একটি, যেখানে ভাস্কর্যশৈলী, লোকজ শিল্প এবং চলচ্চিত্র প্রচারণার সমন্বয় ঘটেছে। বর্তমানে জাদুঘরে এটি উন্মুক্ত আছে সর্বসাধারণের দেখার জন্য। News PhotoCard SHARES বিনোদন বিষয়: