নদীয়ায় শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট

প্রকাশিত: ৭:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

তরুণ বিশ্বাস,কলকাতা

নদীয়া জেলার উষাগ্রামে এক উল্লেখযোগ্য স্বাস্থ্যসেবামূলক কর্মসূচির মাধ্যমে এলাকার শতাধিক গ্রামীণ কন্যা সন্তানকে মানব প্যাপিলোমা ভাইরাস (HPV) প্রতিরোধক টিকা বিনামূল্যে প্রদান করা হলো। উষাগ্রাম ট্রাস্টের ব্যবস্থাপনায় এবং বিশিষ্ট চিকিৎসক ড.রবীন ভট্টাচার্যের নেতৃত্বে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
সার্ভিকাল ক্যান্সারের মতো মারাত্মক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার কন্যা সন্তানদের সুরক্ষা নিশ্চিত করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। আয়োজকদের মতে, প্রতিরোধমূলক টিকাকরণই ভবিষ্যতে এই রোগের ঝুঁকি অনেকাংশে কমাতে সক্ষম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকলা ধামের সভাপতি নবকুমার দাশ, বিশিষ্ট সমাজসেবী বারীন সাহা,শিমুরালি মন্দিরের মধুমহারাজ,রানাঘাটের পিযূষ অধিকারী,আরংঘাটার পিন্টু পাল এবং বিশিষ্ট চিকিৎসক ডা.সুশীল মজুমদার সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি।
অতিথিরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে জানান,সমাজের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসুরক্ষায় এ ধরনের কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় বাসিন্দারাও উষাগ্রাম ট্রাস্টের এই মানবিক প্রচেষ্টায় গভীর সন্তোষ প্রকাশ করেন।
স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল উষাগ্রামের এই মহতী উদ্যোগ।