পটিয়ায় বিএনপির মনোনিত পদপ্রার্থী এনামুল হক এনাম জয়ী

প্রকাশিত: ৭:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম। এ জয়ের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর পটিয়ায় নিজেদের রাজনৈতিক ঘাঁটি পুনরুদ্ধার করলো বিএনপি। পটিয়ায় মোট ১১৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ৭.৩০টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। রাত ১১ টার দিকে ফলাফল গণনা শেষে ধানের শীষ প্রতীকে এনামুল হক এনাম পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পেয়েছেন ২৮ হাজার ৮০৬ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের ডা. ফরিদুল আলম পেয়েছেন ২০ হাজার ৯৪০ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে এস এম বেলাল নুর (হাতপাখা) পেয়েছেন ৮৭৯ ভোট, ফরিদ আহমদ চৌধুরী (লাঙ্গল) ৭২৪ ভোট, মুহাম্মদ শাখাওয়াত হোসাইন (ফুটবল) ২৩৫ ভোট এবং মোহাম্মদ আবু তালেব (আপেল) পেয়েছেন ৯২৩ ভোট। ফলাফল ঘোষনা করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফারহানুর রহমান।
জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৫২ হাজার ৬৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ২৫৪ জন, নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ৪৪০ জন এবং একজন হিজরা ভোটার রয়েছেন। ১১৩টি কেন্দ্রেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, নির্বাচনে মোট ভোট কাস্ট হয়েছে প্রায় ৫৫ শতাংশ।
সূত্রে জানা যায়, ঐতিহাসিকভাবে পটিয়া আসনটি আওয়ামী লীগ ও বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র। স্বাধীনতার পর ১২টি সংসদ নির্বাচনে উভয় দলই পাঁচবার করে জয়লাভ করেছে। তবে ২০০৮ সাল থেকে টানা চারটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হন। ফলে এবারের ফলাফলকে বিএনপির জন্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ‘কামব্যাক’ হিসেবে দেখা হচ্ছে।
বিজয়ী প্রার্থী এনামুল হক ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “পটিয়ার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। আমি দলমত নির্বিশেষে সবার প্রতিনিধি হয়ে কাজ করবো।”