চট্টগ্রাম-১৩ আসনে ভোট গ্রহণ হবে ১১৮ কেন্দ্রের ৭৯০ কক্ষে 

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য চট্টগ্রাম-১৩ আসনের ১১৮টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। আজ বুধবার সকাল থেকে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার ও সজীব কান্তি রুদ্র এসব কেন্দ্রের মাঝে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন।

এসব নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্র নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কেন্দ্রে দায়িত্বরতরা কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১৩ আসনে মোট ৫৪১জন সেনাবাহিনী, ৪প্লাটুনে ৮০জন বিজিবি, ৩৬০জন পুলিশ, ১৫৩৪জন আনসার ও ২গাড়িতে ১৫জন র্যাব সদস্য মোতায়েন থাকবেন।

নির্বাচন অফিসের তথ্য মতে, এই আসনে এবার প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৭ প্রার্থী। তারা হলেন, বিএনপির সরওয়ার জামাল নিজাম (ধানের শীষ), ১১দলীয় জোটের মাহমুদুল হাসান চৌধুরী (দাঁড়িপাল্লা), বৃহত্তর সুন্নী জোটের এস এম শাহজাহান (মোমবাতি), গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মোহাম্মদ এমরান (সিংহ), ইনসানিয়াত বিপ্লবের মু. রেজাউল মোস্তফা (আপেল), জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী (লাঙ্গল) ও গণঅধিকার পরিষদের মো. মুজিবুর রহমান (ট্রাক)।

এই আসনে মোট ১৬টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে আনোয়ারা উপজেলায় ১১টি এবং কর্ণফুলী উপজেলায় ৫টি ইউনিয়ন অন্তর্ভুক্ত। মোট ভোটার তিন লাখ ৯৫ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৭ হাজার ৭১৪ জন এবং নারী ভোটার এক লাখ ৮৭ হাজার ৫৩২ জন। মোট কেন্দ্র ১১৮টি এবং ভোট কক্ষের সংখ্যা ৭৯০টি।

আনায়ারা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার  বলেন, সুষ্ঠু ভোটের জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, ইতিমধ্যে ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে।