চট্রগ্রাম ১৩ আসনে শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬ আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার বাকি মাত্র আর দুই দিন। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সব প্রার্থীরা। তাঁরা যাচ্ছেন ভোটারদের কাছে। অংশ নিচ্ছেন নির্বাচনী পথসভায়। প্রচার-প্রচারণায় সমানে সমানে লড়ছেন মূল লড়াইয়ে থাকা তিন প্রার্থী বিএনপির সরওয়ার জামাল নিজাম, ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী ও ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান। পিছিয়ে নেই এনডিএম প্রার্থী মোঃ এমরান চৌধুরী। চট্টগ্রাম-১৩ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। তবে মূল লড়াই হবে তিন প্রার্থীর মধ্যে। তাঁরা হলেন তিনবারের সংসদ সদস্য ও বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম, ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান চৌধুরী এবং বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান। এ আসনের অন্য প্রার্থীরা হলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মুস্তফা, জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী ও গণ অধিকার পরিষদের মুজিবুর রহমান চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। এর আগে আগামীকাল মঙ্গলবার নির্বাচনী প্রচার শেষ হচ্ছে। উপজেলার বেলচূড়া এলাকায় গণসংযোগ করেন জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান চৌধুরী। দলীয় প্রতীকের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষেও প্রচার চালান তিনি। নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আইটি সেন্টার স্থাপন ও উপকূলীয় এলাকার বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন। বারখাইন পদ্মপাড়া এলাকায় প্রচার চালান বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম। তিনি সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে সভা করেন। তিনি বিএনপির ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতির কথা ভোটারদের কাছে তুলে ধরেন এ ছাড়া আনোয়ারা-কর্ণফুলীতে পরিকল্পিত শিল্পায়ন, কর্মসংস্থান, যোগাযোগ উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য খাতের সম্প্রসারণ, মাদক ও সন্ত্রাস দমন এবং অবকাঠামো উন্নয়ন বাস্তবায়নের অঙ্গীকার করেন বিএনপির প্রার্থী। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহানও দিনভর গণসংযোগ করেন। তিনি এ দিন চাতরী চৌমুহনী বাজার, মহতর পাড়া, কৈখাইন, সিংহরা, কেয়াগড় এলাকায় প্রচার চালান। সবাইকে নিয়ে সুন্দর আনোয়ারা গড়তে মোমবাতি প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। সংসদীয় আসনের মানুষের জন্য কর্মসংস্থান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান তিনি। এনডিএম এর প্রার্থী মোঃ এমরান চৌধুরী জুইদন্ডী ইউনিয়নে গণসংযোগ করেন। আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬। পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৭১৪ এবং নারী ভোটার ১ লাখ ৮৭ হাজার ৫৩২। চট্টগ্রাম-১৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আনোয়ারার ইউএনও তাহমিনা আক্তার বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটাররা নিরাপদ পরিবেশে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না এবং কেন্দ্রভিত্তিক অনিয়মের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। News PhotoCard SHARES নির্বাচনের মাঠ বিষয়: