সরোয়ার জামাল নিজামকে সতর্কবার্তা নির্বাচন কমিশনের

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম–১৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজামকে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎নির্বাচন কমিশন সচিবালয় থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে বলা হয়, নির্বাচন-পূর্ব সময়ে আচরণবিধি কার্যকর থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারসংক্রান্ত কিছু কার্যক্রম ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির দৃষ্টিগোচর হয়েছে, যা আচরণবিধির নির্ধারিত বিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

‎চিঠিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে নির্বাচন-পূর্ব সময়ে অনুমোদনবিহীন প্রচারণা চালানো থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে।

‎এ অবস্থায় সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর প্রাসঙ্গিক ধারায় জরিমানা আরোপসহ প্রার্থিতা বাতিলের মতো আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত চিঠিটি সংশ্লিষ্ট দপ্তরসমূহেও অনুলিপি পাঠানো হয়েছে।

‎ইসি জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের বিষয়ে প্রার্থী ও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগেও একই প্রার্থীকে শোকজ করেছিলেন ইসির ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি।