শোবিজে টিকে থাকতে নিয়মিত পর্দায় রিয়া

প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬

মো আবদুল করিম সোহাগ-ঢাকা

তরুণ ফ্যাশন মডেল ও অভিনেত্রী রিয়া বর্মন ধীরে ধীরে শোবিজে নিজের জায়গা করে নিচ্ছেন কাজ আর আত্মবিশ্বাস দিয়ে। ছোটবেলা থেকেই টেলিভিশনের পর্দা তাকে টানত। সেই আগ্রহ থেকেই শোবিজে আসার স্বপ্নের শুরু।
২০২১ সালে একটি ফটোশুটের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। এরপর ধাপে ধাপে যুক্ত হন মডেলিং ও অভিনয়ে। ক্যারিয়ারের প্রথম বড় কাজ ছিল ‘রঙ বাংলাদেশ’ ব্র্যান্ডের মডেলিং, যেটিকে তিনি নিজের পথচলার গুরুত্বপূর্ণ শুরু বলে মনে করেন।
সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠায় শুরু থেকেই পরিবারের সমর্থন পেয়েছেন রিয়া। তার দাদু ছিলেন সংগীতশিল্পী এবং বিটিভিতে গান করতেন। বাবাও ভালো গান করেন। তবে পরিবার থেকে একটি বিষয় স্পষ্ট ছিল—লেখাপড়ার সঙ্গে সমন্বয় রেখে শোবিজে কাজ করতে হবে। সেই শর্ত মেনেই এগিয়ে যাচ্ছেন তিনি।
প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা তার জন্য ছিল উপভোগ্য। রিয়ার ভাষ্য, শুরুতে কোনো ভয় বা নার্ভাসনেস কাজ করেনি, বরং সবার মনোযোগের কেন্দ্রে থাকতে ভালোই লেগেছিল। তবে এখন কাজের ক্ষেত্রে দর্শকের ভাবনা ও প্রত্যাশার বিষয়টি তাকে বেশি ভাবায়।
এখন পর্যন্ত তার কাছে সবচেয়ে স্মরণীয় কাজ ‘দ্য স্কিম’, যেখানে তিনি কাজ করেছেন আরফান অনিকের সঙ্গে। মডেলিং ও অভিনয়—দুটোকেই তিনি সমান চ্যালেঞ্জিং মনে করেন এবং দুই মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে চান।
নতুন হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রিয়া। তার মতে, এই অঙ্গনে টিকে থাকতে হলে নিয়মিত কাজের মধ্যে থাকতে হবে। তাই পর্দায় নিয়মিত উপস্থিত থাকতে চান তিনি এবং ধারাবাহিক কাজের মাধ্যমেই নিজের অবস্থান আরও শক্ত করতে চান।
এরই মধ্যে তিনি ব্র্যাক, গ্রামীণফোনের ‘স্বপ্ন যাবে বাড়ি’, ইয়ামাহা, প্রাণ, হারপিক এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রচারণাসহ বেশ কয়েকটি টিভিসিতে কাজ করেছেন। পাশাপাশি ধ্রুব গুহর একটি মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। ইতোমধ্যে আটটি সিঙ্গেল নাটকে কাজ করেছেন রিয়া বর্মন।
নিয়মিত কাজের মধ্য দিয়ে নিজেকে আরও প্রস্তুত করছেন এই তরুণ মুখ। আগ্রহ, পারিবারিক সমর্থন এবং ধারাবাহিক চেষ্টায় তিনি এগিয়ে যেতে চান অনেক দূর। শোবিজে দীর্ঘ পথচলার স্বপ্ন নিয়েই তার এগিয়ে চলা।