হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সরোয়ার আলমগীর

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬

নয়ন নাথ, ফটিকছড়ি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত তার প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশও দিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে, জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।
উল্লেখ্য, নিজের প্রার্থিতা ফিরে পেতে এর আগে সরোয়ার আলমগীর হাইকোর্টে রিট দায়ের করেন। গত ১৮ জানুয়ারি চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন। পরে ২২ জানুয়ারি ঋণ পুনঃতফসিলের ভিত্তিতে তার নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে দেওয়া আদেশ চেম্বার আদালত বহাল রাখেন।
হাইকোর্টের সর্বশেষ এ আদেশে চট্টগ্রাম-২ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।