ভোটের অধিকার যেন আর বাধাগ্রস্ত না হয় – এনডিএম প্রার্থী মোঃ এমরান চৌধুরী

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সিংহ প্রতীকের প্রার্থী মো. এমরান চৌধুরী।
‎রোববার (২৫ জানুয়ারি) বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি গণসংযোগ কার্যক্রম শুরু করেন।
‎কালাবিবি দিঘির মোড়, বটতলী বাজার, ঝিওরী মাজার গেইট ও শোলকাটা এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান। প্রচারণায় দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটাররাও অংশগ্রহণ করেন।
‎গণসংযোগকালে মো. এমরান চৌধুরী বলেন, “২৪ জুলাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছে, যা গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক অগ্রগতি।” তিনি আরও বলেন, “এই অধিকার যেন আর কখনো বাধাগ্রস্ত না হয়—সে জন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
‎তিনি জানান, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। ভোটারদের ভালোবাসা ও সমর্থন পেলে আনোয়ারা–কর্ণফুলী এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
‎এ সময় তিনি একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন