ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ‘মোমবাতি’ প্রতীকে ভোট দিন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মাওলানা এস এম শাহজাহান

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৬

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎আনোয়ারার অবকাঠামোগত বেহাল দশা ও বেকারত্ব দূর করে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ‘মোমবাতি’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম শাহজাহান। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কালাবিবির দীঘি মোড় এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্রসমাবেশে তিনি এ আহ্বান জানান।
‎চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের এই প্রার্থী বলেন, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং লুটপাটের রাজনীতির অবসান ঘটাতে এই নির্বাচন একটি চূড়ান্ত ফয়সালা। নির্বাচিত হলে আনোয়ারার জরাজীর্ণ সড়ক সংস্কার, কারিগরি শিক্ষা বিস্তার এবং মাদক ব্যবসা নির্মূল করে যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।” ধর্মীয় সেবকদের ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠারও প্রতিশ্রুতি দেন তিনি।
‎মাওলানা শাহজাহান আরও উল্লেখ করেন, বৃহত্তর সুন্নী জোট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ক্ষমতার জন্য নয়, বরং জনসেবার রাজনীতিতে বিশ্বাসী। ভোটাররা সুযোগ দিলে কাজের মাধ্যমেই সেই আস্থার প্রতিফলন ঘটানো হবে।
‎ছাত্রনেতা মুফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সুন্নী জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ছাত্রসেনা জন্মলগ্ন থেকেই নৈতিক রাজনীতির চর্চা করে আসছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘মোমবাতি’ প্রতীকে ব্যালট বিপ্লব ঘটাতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দেন তাঁরা।
‎সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সুন্নী জোট নেতা স.ম হামেদ হোসাইন, মাস্টার আবুল হোসাইন ও অ্যাডভোকেট মুহাম্মদ ফরিদুল ইসলামসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।