হাইকোর্টের রায়ে নির্ভর করছে ফটিকছড়ির বিএনপি প্রার্থীর ভবিষ্যৎ

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬

নয়ন নাথ, ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদনের ওপর আদেশ ঘোষণার জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

গত মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আজকের দিনটি আদেশ ঘোষণার জন্য নির্ধারণ করেন। আদালতে সরওয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী নিজাম উদ্দিন।

আইনজীবী প্যানেলের সদস্য ইউসুফ আলম মাসুদ সাংবাদিকদের বলেন, সরওয়ার আলমগীর ঋণখেলাপি নন। বিধি অনুযায়ী তিনি ব্যাংকের সকল পাওনা পরিশোধ করেছেন। তিনি আরও জানান, আদালত বিষয়টি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি রেখেছেন এবং আজ ব্যাংকের বক্তব্য শোনার পর চূড়ান্ত আদেশ প্রদান করবেন।

এদিকে, চট্টগ্রাম-২ আসনের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে চরম কৌতূহল ও উৎকণ্ঠা। সরওয়ার আলমগীরের প্রার্থিতা বহাল থাকবে কি না সে সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে গোটা ফটিকছড়িবাসী।