আনোয়ারা  উপজেলা প্রশাসন থেকে সম্মাননা পেল তাজনীন মেহেজাবীন

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

আনোয়ারা  ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অর্জন করা আনোয়ারার ছাত্রী  তাজনীন মেহেজাবীন চৌধুরীকে সম্মাননা দিয়েছে আনোয়ারা উপজেলা প্রশাসন।

১৪ জুলাই (সোমবার) দুপুরে আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মাননা   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন, আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন,‘মেহেজাবীনের এই অসাধারণ সাফল্য শুধু আনোয়ারার নয়, এটি পুরো চট্টগ্রাম জেলার জন্যই গর্বের বিষয়। মেয়েটি মায়ের সাহস আর নিজের মেধা দিয়ে যে জায়গায় পৌঁছেছে, তা সত্যিই অনুকরণীয়। আমরা চাই, মেহেজাবীনের মতো আরও অনেক শিক্ষার্থী যেন এমন দৃষ্টান্ত স্থাপন করে। উপজেলা প্রশাসন সবসময় মেধাবীদের পাশে থাকবে।’

‎উল্লেখ্য, মেহেজাবীন আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হাজার ২৩৭ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অধিকার করেন। এই সাফল্য তার অধ্যবসায়, প্রতিভা এবং পারিবারিক সংগ্রামের এক অনন্য সাক্ষ্য বহন করে।

‎নিজের সাফল্যে সম্মাননা পাওয়া মেহেজাবীন বলেন, ‘এই সাফল্য আমার একার নয়। আমার মা, আমার শিক্ষক, বিদ্যালয়ের সবার সহযোগিতায় আমি আজ এখানে। চেয়েছি শুধু মায়ের মুখে হাসি ফোটাতে, আলহামদুলিল্লাহ সেটা পেরেছি।

‎অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেহেজাবীনকে পুরস্কার ও শুভেচ্ছাস্মারক প্রদান করা হয়।

প্রথম/ আরডি