২৩ বছরেই ২৫টি বিয়ে, পালাতেন গয়না-নগদ অর্থ নিয়ে

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২৫

 

ভারতে ২৫টি বিয়ে করে হৈ চৈ ফেলে দিয়েছেন অনুরাধা পাসওয়ান নামে ২৩ বছর বয়সী এক তরুণী। তবে সেগুলো আসল বিয়ে ছিল না, বিভিন্ন রাজ্যে পুরুষদের সঙ্গে বিয়ে করে তাদের কাছ থেকে নগদ অর্থ, সোনাদানা ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যেতেন তিনি। এমন কাণ্ডে তিনি ‘লুট অ্যান্ড স্কুট ব্রাইড’ বা ‘লুটেরি দুলহান’ নামে পরিচিতি পেয়েছেন। তবে শেষ রক্ষা হয়নি, প্রতারণার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।

সম্প্রতি ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্যটি জানা গেছে।

সংবাদমাধ্যমটি জানায়, রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের ভোপাল থেকে অনুরাধা পাসওয়ান নামে ২৩ বছর বয়সী এক নারীকে ২৫ জন পুরুষকে বিয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার বাসিন্দা এবং কিছুদিন ধরে ভোপালে বসবাস করছিলেন।

ঘটনার সূত্রপাত সাওয়াই মাধোপুরের গাড়ি চালক বিষ্ণু শর্মার অভিযোগ থেকে। তিনি স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে অনুরাধার সঙ্গে পরিচিত হন এবং ৯ এপ্রিল তাঁদের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর, অনুরাধা তাঁর শ্বশুরবাড়ি থেকে গয়না, নগদ টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।

শর্মা জানান, প্রতারণা চক্রের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে – বিয়ের ৫-৭ দিনের মধ্যে নববধূ হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। তবে শর্মার পরিবারে সবাই রাত জেগে থাকত বলে অনুরাধা এই পরিবার থেকে পালাতে ১৩ দিন সময় নেয়।

২ মে রাতে অনুরাধা খাবারে সন্দেহজনক কিছু মেশানোর চেষ্টা করে বলেও অভিযোগ ওঠে। পরদিন সকালে পরিবারের সদস্যরা তার অনুপস্থিতি লক্ষ্য করেন এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

ম্যানটাউন থানার সহকারী উপ-পরিদর্শক মিঠা লাল যাদব জানান, তদন্তে দেখা যায় অনুরাধার দেওয়া ঠিকানা ভুয়া। পরে পুলিশ সদস্যরা ভোপালে থেকে তাকে ধরার জন্য একটি কৌশলী পরিকল্পনা করেন — দলের এক সদস্যকে ‘পাত্র’ সাজিয়ে বিয়ের জন্য আগ্রহী বলে স্থানীয় দালালদের সঙ্গে যোগাযোগ করেন। এতে কাজ হয়, অনুরাধার ছবি দেখে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।

জানা গেছে, অনুরাধা সম্প্রতি কালাপিপালের গাব্বার নামে এক ব্যক্তির সঙ্গেও বিয়ে করে নতুন প্রতারণার পরিকল্পনা করছিলেন। গ্রেপ্তারের পর পুলিশের কাছে অনুরাধা স্বীকার করেন যে তিনি প্রায় ২৫ বার বিয়ে করেছেন।

এ ঘটনায় এখনও তদন্ত চলছে এবং তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ ও খোঁজ চলছে।

প্রথম/আরডি