-তরুণ বিশ্বাস কলকাতা---
পবিত্র অমরনাথ যাত্রা ২০২৬-কে সামনে রেখে কলকাতার ভারত সেবাশ্রম হলে অমরনাথ গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হল অমরনাথ যাত্রীদের এক আন্তরিক ও আধ্যাত্মিক মিলন মেলা। ভক্তি, সৌহার্দ্য ও ধর্মীয় চেতনায় ভরপুর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় কার্তিক মহারাজ, সাধু-সন্ন্যাসীবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব এবং অমরনাথ তীর্থযাত্রায় অংশগ্রহণ কারী বহু ভক্ত ও যাত্রী। শুভ সূচনায় বৈদিক মন্ত্রোচ্চারণ,পূজা-অর্চনা ও আধ্যাত্মিক আলোচনার মধ্য দিয়ে সমগ্র পরিবেশ এক পবিত্র আবহে পরিণত হয়। উপস্থিত সাধু-সন্ন্যাসীরা অমর নাথ যাত্রার মাহাত্ম্য, ভক্তির শক্তি এবং মানবকল্যাণে ধর্মীয় চর্চার গুরুত্ব সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন। মিলনমেলায় তীর্থযাত্রীদের অংশ গ্রহণে আয়োজিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। ভক্তিগীতি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সৃষ্টি হয় এক অনন্য ভক্তিময় আনন্দ ঘন পরিবেশ,যা উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। অনুষ্ঠান জুড়ে ছিল পারস্পরিক পরিচয়,অভিজ্ঞতা বিনিময় এবং আসন্ন অমরনাথ যাত্রাকে সফল ও সুরক্ষিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের মিলনমেলা শুধুমাত্র তীর্থযাত্রীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করে না, বরং তাদের আধ্যাত্মিক প্রস্তুতিকেও আরও সমৃদ্ধ করে। ভগবান অমরনাথের আশীর্বাদে সকল যাত্রীর নিরাপদ ও সফল তীর্থযাত্রার কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ভক্তি, আস্থা ও মানবিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উপস্থিত সকলের মনে গভীর ছাপ রেখে যায়।