সন্দ্বীপ প্রতিনিধি
সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিলকার বাড়ি এলাকায় সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে মনজুর আহমদ ফাউন্ডেশন। অগ্নিকাণ্ডে তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় ফাউন্ডেশনটি।
ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ফেরদৌস আহমদ কৌশিকের নির্দেশনায় এই সহায়তা প্রদান করা হয়। তিনি মুঠোফোনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক ও মানবিক সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আহ্বায়ক মাস্টার সাইফুল ইসলাম, সদস্য মাস্টার আফজাল হোসেন ও মাস্টার আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান।
ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলকার বাড়ির বাসিন্দা আনোয়ার হোসেন সেরাংয়ের হাতে সহযোগিতা তুলে দেওয়া হয়।
এ বিষয়ে ফেরদৌস আহমদ কৌশিক বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং সমাজের কল্যাণে ফাউন্ডেশনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ সময় বক্তারা সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং মনজুর আহমদ ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।