
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক দখলবিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ মে) দুপুরে বেলা ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। অভিযানকালে মুদি পণ্যের দোকানে মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুটি দোকানের দুই মালিককে দুই মামলায় মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় সড়কের অংশ দখল করে গড়ে তোলা অস্থায়ী সবজি ও ফলের দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এক ব্যক্তিকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে তিনটি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন , বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।